Powered by Blogger.

Sample Text

About Me

Archive for 2014

প্রাকৃতিক নৈগসির্গক রিমঝিম ঝরনা খৈয়াছড়া !

বিদেশ বিদেশ ভ্রমন,কেন নয় দেশ, আসুন দেশকে ভালবাসি

                   রিমঝিম ঝরনা খৈয়াছড়া! 


প্রকৃতি আপনাকে হাতছানি দিয়ে ডাকছে


মো. জাভেদ-বিন-এ-হাকিম, দৈনিক আমার দেশ 

ঝুম বৃষ্টিতে ঝরনা দেখব, কিন্তু হাতে সময় মাত্র একদিন। বন্ধুদের নিয়ে আলোচনা হল, কোন দিকটায় যাওয়া যায়। মোস্তাক ও কবির আবদার করল বন্ধু খৈয়াছড়া চল। আমি রাজি হতেই দৈ-ছুট ভ্রমণ সংঘের দশ বন্ধু পুরো প্রস্তুতি নিয়ে নেয়। দিন তারিখ সময় গাড়ি সব রেডি। যাওয়ার দেড় দিন আগে মিরসরাইর স্থানীয় পাক্ষিক খবরিকা পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান পলাশ ভাই ফোন দেন, জাভেদ ভাই ভ্রমণ তারিখ পরিবর্তন করুন। কারণ জানতেই বলেন মীরসরাইতে অঝোর ধারায় বৃষ্টি। ঝরনায় যাওয়ার পথ খুবই রিস্কি। ওমা বলে কি! আরে ভাই ঝুম বৃষ্টিই তো আমরা কামনা করি। ওকে ডান ,আপনারা পারলে আমার সমস্যা নাই। শুক্রবার ভোর পাঁচটায় গাড়ী ছাড়ে। দাউদকান্দির পর থেকেই শুরু হয়ে যায় যানজটের তেলেসমাতি, মাঝে নাস্তা আর জুম্মা নামাজের বিরতি, দুপুরের খাবারে ভাতের বদলে সমুচা খেয়ে সময় সাশ্রয় করার পরও মিরসরাই বাজারে পৌঁছাতে বেলা বাজে তিনটা, সকাল এগারটা থেকে অপেক্ষায় থাকা মিরসরাইর অকুতোভয় সাংবাদিক দৈনিক জনকন্ঠের রাজিব মজুমদার পাক্ষিক প্রকাশের কর্মকান্ডে ব্যস্ত হয়ে পড়েন। তবু ওনারা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আমাদের বরণ করেন, কালবিলম্ব না করে স্থানীয় এক তরুনকে আমাদের সঙ্গে দিয়ে দেন। মাইক্রো বড়তাকিয়া গিয়ে বামে মোচড় নেয়। রেললাইন পর্যন্ত গিয়ে গাড়ী থামে। এবার হেটে যেতে হবে, প্রায় তিন কিলোমিটার। চারপাশে যে নৈসর্গিক দৃশ্য-তাতে ত্রিশ মাইল হাটলেও গায়ে লাগবে না।গ্রামের মেঠো পথ বাড়ির উঠান খেতের আইল ধরে হাটি, একটা সময় পাহাড় আর ঝোপ ঝাড়ের আড়ালে সূর্য লুকায়। ঘড়ি দেখি, না এখনো দিন ফুরোনোর সময় রয়েছে আরো বাকি। নব উদ্যোমে পা দুটো কে আরো বেশি সচল করি,নতুন কিছু দেখতে পাব এই আশায় বুক বেধে এগিয়ে যাই, এক সময় পেয়ে যাই ঝিরি। এখন ট্রেইল হবে ভিন্ন রকম মুলিবাঁশের সাঁকো, ঝিড়ির ঠান্ডা পানি আবার কখনোবা হাটু পর্যন্ত দেবে যাওয়া রসালো কাঁদা মাড়ানো পথ পাড়ি দিয়ে পৌঁছে যাই দীর্ঘ দিন ভ্রমণপিপাসুদের চোখের অন্তরালে থাকা রিমঝিম শব্দ তুলে আপন গতিতে গড়িয়ে পড়া খৈয়া ছড়া ঝরনা। ওহ্! আল্লাহ্ কত সুন্দর তোমার মহিমা! চার পাশে ঘন সবুজ অরন্য,তার মাঝে মনেতে রঙ ধরানো খৈয়াছড়া। কিছুটা সময় অবাক বিস্বয়ে তাকিয়ে রই। প্রায় আশি ফিট উচ্চতা থেকে ২০ থেকে ২৫ ফিট ব্যাসার্ধ নিয়ে তীব্র গতিতে পানি পড়ে। হতাশার অন্ধকারে হারিয়ে যাওয়া যে কোন মানুষই খৈয়াছড়ার রূপ-লাবণ্যে মুগ্ধ হয়ে নিজেকে নতুন করে সাজাবে নিস্বন্দেহে! পানির ক্ষিপ্রতায় ঝর্ণার সামনে ব্যসিন সৃষ্টি হয়েছে। সেই হিম হিম ঠান্ডা পানিতে জসিমের কি যে ফুর্তী আর আর দে-ছুটের নিজস্ব ফটো গ্রাফার হিসেবে সীকৃতি পাওয়া ইফতেখার ভবিষ্যত্এ আরো বড় মাপের আলোক চিত্রকার হবে সেই বাসনায় ডি এস এল আরের বাটন টিপতে টিপতেই অস্থির। ঝরনার উপচেপড়া যৌবনের শীতল পানিতে দীর্ঘ সময় গোসল করি,যেন ভেজাঁর শখ মিটেনা! যে কোন ঝরনার আসল রূপ সৌন্দর্য দেখার সুবর্ণ সময় হল আগষট ও সেপ্টেম্বর। খৈয়াছড়া ঝরনার আশে পাশেও আরো বেশ কয়েকটি ছোট ছোট ঝর্না আছে। সম্পূর্ণ বুনো পরিবেশে খেয়া ছড়া ঝর্ণার অবস্থান।দেশের বিশেষ কয়েকটি ঝর্নার মধ্যে খৈয়াছড়া ঝর্নার ভৌগলিক সৌন্দর্য বর্ণনাতীত। ইচ্ছে করলে জোসনা রাতে ক্যাম্প করে জম্পেশ আড্ডা জমিয়ে রাত কাটানো যাবে। যতদূর জানা যায় দূর দূরান্ত হতে আগত প্রকৃতিপ্রেমীরা রাত কিংবা দিন নিরাপদে সময় কাটাতে পারবে। কান পাতলেই শুনতে পাবে মায়া হরিণের ডাক। গান শুনতে চাইলে একটু বনের ভিতর ঢুকলেই শুনতে পাবেন নাম না জানা পাখির মিষ্টি সুরেলা আওয়াজ। খৈয়াছড়া ঝরনার মোট নয়টি ধাপ, বেশির ভাগ ভ্রমণপিপাসুরা প্রথমটি দেখেই আত্মতৃপ্তিতে ভোগে কিন্তু আমরা তো আর তেমনটি নই। সদ্য মটরবাইকে আহত মোস্তাক পরের ধাপগুলো দেখার জন্য বায়না ধরে। উঠতে শুরু করি পিচ্ছিল খাড়া পাহাড় বেয়ে। রিস্কি ট্রাকিং-এ মোতাহের কে দারুন মিস করি। সময়ের অভাবে সব গুলি ধাপ দেখতে না পেলেও দ্বিতীয় ধাপটি বেশ চমত্কার, আরো বেশি আকর্ষণীয় অথচ রয়েছে কতটা অবহেলায়। খৈয়া ছড়া ঝর্ণার অবস্থান- আকৃতি- পরিধি- প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য- রোমাঞ্চকর ট্রেইল সব কিছু মিলিয়ে প্রকৃতির এক অনন্য সুন্দর লীলাখেলা। সরকার যদি খৈয়াছড়া ঝর্নার অবকাঠামোর প্রতি নজর দেন তাহলে বাংলাদেশের মধ্যে অন্যান্য বৃহদাকার প্রাকৃতিক জলপ্রপাত থেকে খৈয়াছড়া ঝরনাই হবে দূরত্বের দিক থেকে ভ্রমণপিপাসুদের জন্য সব চাইতে নিকটতম আকর্ষণীয় বিশালাকার ঝরনা।
যোগাযোগ : ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে বড় তাকিয়া এলাকায় গিয়ে বাম পাশের গ্রামের রাস্তা ধরে এগুতে হবে। বাস থেকে নামতে হবে মিরসরাই বাজার অথবা বাড়ীহাট। রিজার্ভ কিংবা নিজস্ব বাহনে গেলে খৈয়া ছড়া ঝরনার তিন কিলোমিটার আগে রেললাইনের পর্যন্ত যাওয়া যাবে, খরচ জনপ্রতি দুই হাজার পাঁচশ টাকা। ঢাকা থেকে চট্টগ্রামের রাতের বাসে অথবা মাইক্রোতে গিয়ে দিনে দিনে ঘুরে আসা যাবে। মিরসরাই বাজার হতে ঝিরি পর্যন্ত সিএনজি যায়। গাইড হিসেবে তিনশ-পাচশ টাকার বিনিময়ে রেললাইনের পাশের দোকানগুলো থেকে গ্রামের কিশোর-তরুণদের সঙ্গে নেয়া যাবে।

টিপস :

* খেয়াল রাখবেন আপনার অতি উচ্ছ্বাসের কারণে যেন প্রকৃতির কোন ক্ষতি না হয়
* সঙ্গে নেয়া খাবারের পলি প্যাকেট সাথে নিয়েই ফিরুন
* ঝরনার পানিতে গোসলের জন্য অতিরিক্ত কাপড় সাথে নিন
* অশালীন পোশাক পরিহার করুন
* যত খুশি দুই নয়ন দিয়ে দেখুন, মন ভরে উপভোগ করুন আর মনে মনে বলুন, আমি দেখছি—ভবিষ্যত্ প্রজন্মকেও দেখাবো। সুতরাং প্রকৃতির দেয়া সম্পদ ধ্বংস না করি।

চমক লাগানো ঢাকার ৮ টি মনোরম স্থান

চমক লাগানো ঢাকার যে ৮ টি মনোরম স্থান 

ঢাকার যে ৮ টি মনোরম স্থান নিমিষেই আপনার মন ভালো করে দেবে! 

আপনার অনেক মন খারাপ করছে, বুক ভরে নিশ্বাস নিতে পারছেন না, বদ্ধ ঘরের মধ্যে আরও বেশি দম বন্ধ হয়ে আসছে। এই করুণ অবস্থাতে আপনি কী করতে পারেন? ঢাকার মত একটি যান্ত্রিক শহরে কও্ভাববে পেতে পারেন একটুখানি খোলা হাওয়া? আর চিন্তা করতে হবে না। ঢাকার চারপাশে ভালো করে খেয়াল করে দেখুন এমন যান্ত্রিকতার মাঝেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে গেলে মন এমনিতেই অনেক ভালো হয়ে যায়। সত্যি বলছি, একেবারে মিথ্যা নয়। বিশ্বাস না হলে মন খারাপের মুহূর্তে একবার যাচাই করে দেখতে পারেন। ঘুরে আসতে পারেন এসব জায়গায়। শুধু মনে মনে বিশ্বাস রাখতে হবে আপনার মন ভালো হবেই।

১. হাতিরঝিল :

বর্তমানে হাতিরঝিল সবাই চেনেন। না দেখলে বিশ্বাস হবে না যে এই হাতিরঝিল ছবির তুলনায় বাস্তবে এতটাই সুন্দর। হাতিরঝিলের এই প্রকল্পটি ২০০৭ সালে অনুমোদিত হয় মূলত রাজধানীর বাড্ডা, মৌচাক, গুলশান, রামপুরা, তেজগাঁও এবং মগবাজারের যানজট কমানোর জন্য। কিন্তু প্রকল্পটি এমন সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়েছে যে অনেক ঢাকাবাস্ইী বর্তমানে তাদের অবসর সময় কাটাতে এই হাতিরঝিলে ছুটে যান। আপনার যদি সত্যিই মন খারাপ হয়ে যায় কোনো এক সময় আপনিও চলে যেতে পারেন এই হাতিরঝিলে। এর সুমধুর খোলা বাতাস আপনার মনকে নিমেষেই ভালো করে দিতে পারে। সন্ধ্যার দিকে যে আলোর খেলা দেখা যায় সেটিও আপনার মনকে ভালো করে দিতে বাধ্য। তাই এবারের মন খারাপে বাসায় গুটিসুটি মেরে বসে না থেকে চলে যান এই সুন্দর জায়গাটিতে।

২. আশুলিয়া :

সাভারের পরে আশুলিয়া এমন একটি সুন্দর জায়গা যেটিকে অনেকেই ঢাকার সমুদ্র সৈকত বলে আখ্যা দিয়ে থাকেন। সমুদ্র সৈকতের আবহাওয়া পাওয়া যাবে এই জায়গাটিতে। বিশেষ করে বর্ষাকালে দিগন্ত বিস্তৃত পানি আর পানির ঢেউ আপনাকে ভুলিয়ে দেবে মনের সকল কষ্ট। শরৎকালে আকাশের উপরে মেঘের খেলা আর নিচে ছলছলে পানি আপনার মনকে করে তুলবে আনন্দিত। আপনি মন ভরে উপলব্ধি করতে পারবেন সৌন্দর্যের মোহনীয়তা। আপনি চাইলে এই আশুলিয়াতে নৌকা ভ্রমণও করতে পারবেন। নৌকা ভ্রমণে আপনার মন আরও অনেক বেশি সতেজ হয়ে পড়বে। দেখবেন মন কখন যে ভালো হয়ে গেছে আপনি নিজেও জানেন না।

৩. সাফারি পার্ক :

গাজীপুরের সাফারি পার্কের নাম অনেকেই হয়ত শুনে থাকবেন। আবার অনেকে আছেন যারা গিয়েছেনও। মন খারাপের সময়ে বিভিন্ন পশুপাখির সাথে যদি কিছু সময় কাটান তাহলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। এমনই একটি পার্ক হল এই সাফারি পার্ক। যেখানে রয়েছে অনেক পশুপাখি। কিন্তু মজার বিষয় হল আমরা সচরাচর চিড়িয়াখানাগুলোতে দেখি যে পশুপাখি খাঁচার মধ্যে থাকে, এখানে আপনি নিজেই খাঁচার মধ্যে থাকবেন আর চারপাশে খোলা জায়গায় থাকবে ভয়ঙ্কর সব পশুপাখি। এমন অদ্ভুৎ নিয়ম দেখে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে, আর পশুপাখিদের অনেক কাছ থেকে দেখে আরও বেশি ভালো লাগবে।

৪. কুড়িল ফ্লাইওভার :

আপনি হয়ত ভাবছেন যে ফ্লাইওভারে কিভাবে মন ভালো করা যায়। এর উত্তরে বলতে হয় আপনি যদি সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পারেন তাহলে সেই সৌন্দর্যের নির্যাস আপনার মনকে ভালো করে দিবে। আপনি যখন একটি সুন্দর জিনিস দেখেন তখন আপনার মনে এ ধরনের ভালোলাগা তৈরি করে। আর তা থেকেই আপনার খারাপ মন ভালো হয়ে যেতে পারে। রেডিসনের পরের এই কুড়িল ফ্লাইওভারটি এত সুন্দর আপনি চাইলেই এই সৌন্দর্য দেখার জন্য সেখানে চলে যেতে পারেন। এই ফ্লাইওভারটি থেকে যেন সমস্ত ঢাকা শহরকে দেখা যায়। যদিও সেখানে নেমে দেখাটা খুবই বিপজ্জনক। সন্ধ্যার পরে এর সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যায়। তাই মন খারাপের যেকোনো মুহূর্তে চলে যেতে পারেন এই কুড়ি ফ্লাইওভারটিতে।

৫. মিরপুরের এয়ারপোর্ট রোড ফ্লাইওভার :

বাংলাদেশে তৈরি সুন্দর ফ্লাইওভারগুলোর মধ্যে এটিও অন্যতম। মিরপুর ১২ এর পর থেকে শুরু হয়ে শেষ হয়েছে এয়ারপোর্টের কাছাকাছি গিয়ে। এটি থেকেও ঢাকার বেশ কিছু এলাকা দেখা যায়। আপনি যদি মিরপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে মন খারাপের মুহূর্তে চলে যেতে পারেন এই মিরপুরের ফ্লাইওভারে।

৬. ধানমন্ডি লেক :

ধানমন্ডি লেক এখন ঢাকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। ১৯৯৫ সালে সংস্কার করে লেকটিকে নতুন রূপ দেয়া হয়। ২০১৩ সাল হতে এর সংস্কারের কাজ পুরোদমে আবার শুরু হয়েছে। ঢাকার হাজারীবাগ, মোহাম্মদপুর, কলাবাগান, মিরপুর রোড ও শুক্রাবাদ এলাকার মধ্যবর্তী স্থানে ধানমন্ডি লেকের বিশাল অবস্থান। গাছ-গাছালি, লেক, দৃষ্টি নন্দন লোহার সেতু ,পানির ফোয়ারা, লেকের পাড়ের ছোট কুটির ইত্যাদি মিলিয়ে লেকটি বেশ আকর্ষণীয় বলা যায়। ধানমন্ডি লেকটির নির্দিষ্ট কোনো খোলা ও বন্ধের সময়সূচী নেই তবে ভোর ৫.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত দর্শনার্থী অবস্থান করতে পারবেন। লেকটিতে প্রবেশের জন্য কোন টিকেটের প্রয়োজন হয় না। আপনার মন খারাপ হলে চাইলেই এই লেকটিতে চলে যেতে পারেন। দেখবেন আশেপাশের প্রাকৃতিক পরিবেশে আপনার মন বেশ ভালো হয়ে উঠেছে।

৭. গুলশান লেক :

গুলশান ঢাকার একটি অভিজাত এলাকা। গুলশান এবং বনানীর মাঝামাঝিতে অবস্থিত গুলশান লেকটিও বেশ সুন্দর দেখতে। বিশেষ করে রাতের বেলায় এর শোভা বেড়ে যায় শতগুণ। আপনার মন খারাপ হলে চলে যেতে পারেন গুলশান লেকে। গুলশান লেকের উপরে যে ব্রীজটা রয়েছে সেই ব্রীজে বসে থেকেও অবলোকন করতে পারেন এর সৌন্দর্য। প্রয়োজনে কোনো খাবার কিনে নিয়ে গিয়েও একা একা বসে খেতে পারেন। ঢাকার মত ব্যস্ত একটি জায়গায় এই জায়গাটি আপনার অনেক ভালো লাগবে।

৮. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় :

হ্যাঁ আপনি যা ভাবছেন তাই, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে আপনি সম্পূর্ণভাবে একটা সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ পেয়ে থাকবেন। এই বিশ্ববিদ্যালয়টি এমনিতেই শীতের মৌসুমে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এখানে আসা শীতের পাখিগুলোর জন্য। সাইবেরিয়া ও অন্যান্য দেশ থেকে আসা এই শীতের পাখিগুলোকে দেখতে প্রতি শুক্রবারেই ক্যাম্পাসে ভিড় করে বহু সংখ্যক মানুষ। এছাড়া গরমের মৌসুমেও একটুখানি হিমেল হাওয়া পেতে ভিড় করে ঢাকাবাসীরা। সবুজে ঘেরা এই ক্যাম্পাসটি এমনিতেই অনেক বেশি শীতল থাকে। তাই আপনার যদি কোনো কারণে মন খারাপ হয়ে থাকে তাহলে এই ক্যাম্পাসটিতে ঘুরে আসতে পারেন। দেখবেন সবুজের ছোঁয়ায় এবং ছাত্রছাত্রীদের তারুণ্যতা দেখে আপনার মন নিমেষেই ভালো হয়ে যাবে।
সূত্র -Farzana Rinky ,  টেক প্রিয়।

লোকচক্ষুর অন্তরালের ঝরনা হাম হাম

লোকচক্ষুর অন্তরালের ঝরনা হাম হাম

লোকচক্ষুর অন্তরালের একটি ঝরনা। কেউ বলেন চিতা ঝরনা। কেউ হাম হাম, আবার কেউ হাম্মাম। রোমাঞ্চপ্রেমীদের ভ্রমণের একটি আদর্শস্থান। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত রাজকান্দি বনাঞ্চলের একদম গভীরে এর অবস্থান। ২০১০ সালের শেষের দিকে ঝরনাটি আবিষ্কার করেন একদল পর্যটক। দুর্গম জঙ্গলের এই ঝরনাটির উচ্চতা ১৬০ ফুট ধরা হলেও এ নিয়ে পরীক্ষিত কোনো মত নেই। তবে অনেকের মতে, দেশের সবচেয়ে উঁচু মাধবকুণ্ডের ঝরনার চেয়ে হাম হামের ব্যাপ্তি তিনগুণ বেশি।


নামের উৎপত্তি নিয়ে আছে নানা মত

হাম হাম ঝরনার নামের উৎপত্তি নিয়ে কোনো সিদ্ধান্তে আজো আসা যায়নি। তবে পর্যটকেরা ঝরনাটির উৎপত্তি নিয়ে নানা কথা বলেন। কেউ বলেন, ঝরনাটির সাথে গোসলের সম্পর্ক রয়েছে। পানি পতনের স্থানে এক সময় পরীরা গোসল করত। গোসলখানাকে আরবিতে ‘হাম্মাম’ বলে। আবার পানির স্রোতধ্বনিকে ত্রিপুরার টিপরা ভাষায় ‘হাম্মাম’ বলে। এ জন্য ‘হাম্মাম’ (গোসলখানা) শব্দ থেকে এর নাম হয়েছে হাম হাম। পানির তীব্র শব্দ সিলেটের উপভাষায় ‘আ-ম আ-ম’ বলে বোঝানো হয়। ঝরনাটি যেহেতু এ রকম শব্দ করে, এ জন্য শহুরেরা ভাষান্তর করে এটিকে ডাকে হাম হাম নামে। তবে স্থানীয়রা এটিকে চিনে ‘চিতা ঝরনা’ হিসেবে। কারণ, এক সময় এখানের জঙ্গলে প্রচুর চিতাবাঘ পাওয়া যেত।

পুরোই অ্যাডভেঞ্চার

সব ঝরনার মতো হাম হামেরও যৌবন হলো বর্ষাকাল। বর্ষাকালে প্রচণ্ড ব্যাপ্তিতে এর পানির ধারা গড়িয়ে পড়ে। শীতে তা মিইয়ে মাত্র একটি ঝরনাধারায় এসে ঠেকে। ঝরনার ঝরে পড়া সেই পানি জঙ্গলের ভেতর দিয়ে ছড়া তৈরি করে বয়ে চলে। এ রকমই বিভিন্ন ছোট-বড় ছড়া পেরিয়ে জঙ্গলের বন্ধুর পথ পেরিয়ে এই ঝরনার কাছে পৌঁছতে হয়। এটি লোকালয় আর শহর থেকে বেশ দূরে। এখানে যাওয়ার জন্য যোগাযোগব্যবস্থা নেই বললেই চলে। এ জন্য সরকারিভাবেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। ঝরনাটিকে ঘিরে তৈরি হয়নি কোনো সরকারি অবকাঠামো। সাধারণত স্থানীয় অধিবাসীদের থেকে কাউকে গাইড বা পথপ্রদর্শক নির্ধারণ করে পর্যটকেরা ঝরনাটি ভ্রমণ করেন।
কমলগঞ্জের একেবারে শেষ গ্রামের নাম কলাবনপাড়া। তৈলংবাড়ি নামেও জায়গাটি পরিচিত। এরপর থেকে তেমন কোনো জনবসতি নেই। আর এখান থেকেই শুরু হয় হাম হাম যাওয়ার আসল অ্যাডভেঞ্চার। চার দিকে ঘন জঙ্গল। বিশেষ করে প্রচুর বাঁশবন। বেয়ে উঠতে হয় ছোট-বড় পাহাড়। আবার কখনো বেশ খাড়া পথ বেয়ে নিচে নামতে হয়। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ রাস্তা।
ঝরনায় যেতে হলে কুড়মা বন বিটের চম্পারায় চা বাগান হয়ে যেতে হয়। চম্পারায় চা বাগান থেকে ঝরনার দূরত্ব প্রায় সাত কিলোমিটার। অনেক ঝিরিপথ ও ছড়ার কাদামাটি দিয়ে পথ চলতে হয়। ঝিরিপথে কখনো কখনো চোরাবালুও তৈরি হয়। কিন্তু সেসব স্থানে পর্যটকদের জন্য কোনো নির্দেশিকা দেখা যায় না। এ ছাড়া গভীর জঙ্গলে বানর, সাপ, মশা এবং জোঁকের অত্যাচার সহ্য করে পথ চলতে হয়।
এত কিছুর পরও মনে আনন্দ। নতুন জায়গা। আবিষ্কারের নেশায় আত্মহারা।

পথে দেখা মিলবে চশমা পরা হনুমানের

হাম হাম যাওয়ার পথ এবং হাম হাম-সংলগ্ন রাজকান্দি বনাঞ্চলে রয়েছে সারি সারি কলাগাছ, জারুল, চিকরাশি কদমগাছ। এর ফাঁকে ফাঁকে উড়তে থাকে রঙ-বেরঙের প্রজাপতি। ডুমুরগাছের শাখা আর বেত বাগানে দেখা মিলবে অসংখ্য চশমা পরা হনুমানের। এ ছাড়াও রয়েছে ডলু, মুলি, মির্তিঙ্গা, কালি ইত্যাদি বিচিত্র নামের বিভিন্ন প্রজাতির বাঁশ।
পুরো জায়গা জুড়ে কেমন যেন সুনসান নীরবতা। কাচের ঘরে আটকে থাকলে যেমন লাগে, অনেকটা সেরকম। তবে মাঝে মধ্যেই খুব কাছে, কখনো দূর থেকে ভেসে আসছে অচেনা পাখির মিষ্টিকণ্ঠের গান।
পাহাড়ের গায়ে হালকা বিশ্রাম নিতে নিতেই দেখে নেয়া যায় অসম্ভব সুন্দর প্রকৃতি। চোখজুড়ে থাকে মাতাল করা সবুজে ঘেরা চার পাশে। ঘামে ভেজা শরীর ঝিরির পানিতে ভিজিয়ে সমস্ত কান্তি নিমিষেই দূর হয়ে যায়। পিচ্ছিল পাথুরে পথ, সাবধানে পা ফেলতে হয়। এভাবে প্রায় অনেকটা সময় হাঁটার পর হঠাৎ শোনা যায় এক শিহরণজাগানিয়া শব্দ। সেই কাক্সিত হাম হাম জলপ্রপাতের শব্দ। মনে হয়, এই তো এসে পড়েছি। একটু ভালো করে উঁকি দিলেই দেখা যাবে জলধারা।

সৌন্দর্য দেখে বাকরুদ্ধ হয়ে যাবেন

বর্ষাকালে হাম হামে যাওয়ার কিছু আগে পথে দেখা পাওয়া যায় আরেকটি ছোট ঝরনার। হাম হামের রয়েছে দু’টি ধাপ। সর্বোচ্চ ধাপটি থেকে পানি গড়িয়ে পড়ছে মাঝখানের ধাপে। সেখান থেকে আবার পানি পড়ছে নিচের অগভীর খাদে। এক দিকে পাহাড়ে ঘেরা বনজঙ্গল আর অন্য দিকে অবিরাম বয়ে চলা জলরাশি পাথরের খাঁজে খাঁজে ঢেউ খেলে যাওয়া পানিতে ব্যাঙ আর ব্যাঙাচির মেলা। ঝরনার পাশে গেলে প্রথমেই এর সৌন্দর্য দেখে বাকরুদ্ধ হয়ে যাবেন। হাঁটু গেড়ে বসে সেই পরিবেশ উপভোগ করার মজাই আলাদা।
আয়নার মতো স্বচ্ছ পানি পাহাড়ের শরীর বেয়ে আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। গুঁড়িগুঁড়ি জলকণা আকাশের দিকে উড়ে গিয়ে তৈরি করছে কুয়াশার আভা। বুনোপাহাড়ের ১৫০ ফুট ওপর থেকে গড়িয়ে পড়া স্রোতধারা কলকল শব্দ করে এগিয়ে যাচ্ছে পাথরের পর পাথর কেটে সামনের দিকে। চার পাশ গাছগাছালি আর নাম না জানা হাজারো প্রজাতির লতাপাতা ও লতাগুল্মে আচ্ছাদিত হয়ে আছে পাহাড়ি শরীর। স্রোতধারা সে লতাগুল্মকে ভেদ করে গড়িয়ে পড়ছে ভূমিতে।
চার দিকে এক শীতল শান্ত পরিবেশ। ডানে-বামে চোখ ফেরানোর উপায় নেই। কেবলই ইচ্ছে করবে তাকিয়ে থাকি সৃষ্টিকর্তার এই অনন্য সৃষ্টির জন্য। জঙ্গলে উল্লুক, বানর আর হাজার পাখির ডাকাডাকির সাথে ঝরনার ঝরে পড়ার শব্দ মিলে-মিশে তৈরি হয়েছে অদ্ভুত এক রোমাঞ্চকর পরিবেশ। ক্ষণিকের জন্য ভুলে যেতে হবে কোথায় আছি, কিভাবে আছি। ওপরে আকাশ, চার দিকে বন, পায়ের নিচে ঝিরির স্বচ্ছ জল আর সামনে অপরূপ ঝরনা।

অপচনশীল বর্জ্য পুড়ে ফেলতে হবে

দুর্গম পথ পাড়ি দিতে অনেক পর্যটক খাবার ও প্লাস্টিকের পানির বোতল সাথে নেন। খাবার যাতে ভিজে না যায়, সেজন্য প্রায়ই পলিথিন ব্যবহার করেন। এগুলো প্রায়ই যত্রতত্র ফেলে দেন তারা। এতে নষ্ট হয় জঙ্গলের সৌন্দর্য। পরিবেশের জন্যও এটি ক্ষতিকর। তাই পর্যটকদের পচনশীল বর্জ্য পুঁতে ফেলা এবং অপচনশীল বর্জ্য সাথে করে নিয়ে আসা কিংবা পুড়িয়ে ফেলার পরামর্শ দেয়া হয়।

ফিরতে হবে সন্ধ্যার আগেই
ঝরনার ওপড়ের যে স্থান থেকে পানি পড়ে, সেখান থেকে ২০০ ফুট পূর্বে ভারতের ত্রিপুরা সীমানা। ঝরনার আশপাশের বাসিন্দারা ত্রিপুরা উপজাতির। বনজঙ্গলের মায়া ছেড়ে আসতে হয়তো একটু বেশিই সময় লেগে যেতে পারে। কিন্তু সন্ধ্যার আগেই চলে আসা উচিত।

পিচ্ছিল পাথুরে এই পথে যেভাবে যাবেন

ঢাকা থেকে মৌলভীবাজার যাওয়ার সরাসরি বাস আছে। ভাড়া ৪০০-৪৫০ টাকা। এ ছাড়া শ্রীমঙ্গল থেকেও যাওয়া যায়। মৌলভীবাজার থেকে যেতে হবে কমলগঞ্জ। সেখান থেকে আদমপুর বাজার, বাসভাড়া ১৫-২০ টাকা। এখান থেকে ২০০-২৫০ টাকা সিএনজি ভাড়ায় পৌঁছে যেতে পারেন উপজাতিদের বস্তি তৈলংবাড়ি বা কলাবনপাড়ায়। এরপর হাঁটা রাস্তা। সাত থেকে আট কিলোমিটারের মতো পাহাড়ি পথ শেষে হাম হাম ঝরনার দেখা মিলবে। তবে যেখান থেকেই যাওয়া হোক, কলাবনপাড়ার দিকে অবশ্যই সকালে রওনা হতে হবে।
এ ছাড়া ঢাকা থেকে সরাসরি রেলপথে মৌলভীবাজার যাওয়া যায়। যারা আকাশপথে মৌলভীবাজার যেতে চান, তাদেরকে প্রথমে সিলেট গিয়ে, তারপর সেখান থেকে সড়ক বা রেলপথে মৌলভীবাজার যেতে হবে। অন্য রুটের চেয়ে রেলপথে ভ্রমণই সুবিধাজনক।

রাতে থাকতে হবে শ্রীমঙ্গলে

থাকার ব্যবস্থা বলতে যাওয়ার আগে শ্রীমঙ্গলে এক রাত থেকে পরদিন খুব ভোরে উঠে রওনা দিয়ে সারা দিন কাটিয়ে সন্ধ্যার পরে শ্রীমঙ্গল ফিরতে পারেন। তবে ওই সময়টায় ফেরার সম্ভাবনা খুব একটা বেশি থাকে না। সে ক্ষেত্রে উপজাতিদের বাড়িতে থাকা যায়। যদি শ্রীমঙ্গল ফেরা না যায়, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেননা তৈলংবাড়ি বস্তি বা কলাবনপাড়ায় থাকার ব্যবস্থা হয়ে যাবে।

জোঁক থেকে সাবধান

যাওয়ার আগে অবশ্যই কলাবনপাড়ার স্থানীয়দের কাছ থেকে ভালো-মন্দ জেনে নেবেন। সাথে সরিষার তেল আর লবণ রাখতে হবে। কেননা প্রচুর জোঁকের আক্রমণ থেকে রক্ষা পেতে এই দু’টি ব্যবস্থাই কার্যকরী। হাতে একটা ছোট বাঁশের টুকরা বা লাঠি সাথে নেয়া ভালো। এতে পাহাড়ি পথে শরীরের ভারসাম্য রক্ষা করা থেকে শুরু করে সাপ বা অন্যান্য বন্যপ্রাণী থেকে নিরাপদ রাখবে। সাথে শুকনা খাবার, বিশুদ্ধ পানি আর খাবার স্যালাইন রাখতে ভুলবেন না। জীবাণুনাশক ক্রিম আর তুলা নেবেন। আর খুব সাবধানে চলাফেরা করতে হবে।

খরচ

চার-পাঁচজনের গ্রুপে খরচ হবে মাথাপিছু চার হাজার টাকার মতো।

সূত্র - মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, দৈনিক নয়াদিগন্ত

- Copyright © পর্যটন হোক উন্নতির হাতিয়ার - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -